বিজ্ঞাপন

ফেসবুক স্ট্যাটাস ঘিরে পলিটেকনিকে রাতভর সংঘর্ষ, আহত ১৩

ফেসবুক স্ট্যাটাস ঘিরে পলিটেকনিকে রাতভর সংঘর্ষ, আহত ১৩

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) আঞ্চলিক ফোরাম ও মোবাইলে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

‎বিএসপিআইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাসে আঞ্চলিক ফোরাম ও ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৩ শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন- হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আব্দুল্লাহ আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ। তারা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

সংঘর্ষের খবর পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎বিএসপিআইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, সংঘর্ষে আহত ১৩ শিক্ষার্থীর মধ্যে নয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ইনস্টিটিউটে ফিরে এসেছে। অপর চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার তিনি হাসপাতালে গিয়ে ওই চার শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছেন।

এ ঘটনায় বিএসপিআই কর্তৃপক্ষ অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে বিভাগীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

ইনস্টিটিউটের ছাত্রাবাসের হোস্টেল সুপার আব্দুল মান্নান বলেন, দুটি আঞ্চলিক ফোরাম ও ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে বিএসপিআইয়ে বর্তমানে পর্ব সমাপনী পরীক্ষা চলমান রয়েছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা ও সতর্কতা জোরদার করা হয়েছে।

‎মোস্তফা কামাল রাজু/এসএইচএ 

বিজ্ঞাপন