জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া নারী ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইলে খেলতে আসা নারী ফুটবলার ও সংশ্লিষ্টদের সম্মান জানানো এবং তাদের সঙ্গে টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া পাঁচটি দলের প্রায় ১১০ জন খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্যের হাতে এ উপহার তুলে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খেলোয়াড় ও সংশ্লিষ্টদের হাতে প্রতিমন্ত্রী দেওয়া শাড়ি তুলে দেন।
শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মাগুরা জেলা নারী ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর জেলা দল। আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক টাঙ্গাইলের মুখোমুখি হবে রাঙ্গামাটি জেলা দল। এ ম্যাচে যে দলটি বিদায় নেবে, তাদের খেলোয়াড় ও সংশ্লিষ্টদেরও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দেওয়া হবে।
ব্যতিক্রমী এ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন জেলা থেকে আসা নারী ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। খেলাধুলার পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার পাওয়াকে তারা আনন্দের ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘যারা টাঙ্গাইলে খেলতে আসছেন এবং খেলোয়াড়দের সঙ্গে সংশ্লিষ্টরা আমাদের অতিথি। তাদের আপ্যায়ন ও সম্মান জানানো আমাদের দায়িত্ব। সেই ভাবনা থেকেই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে চাই। তরুণ প্রজন্ম মাঠমুখী হলে তারা মাদক ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকশিত করে ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা।’
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিবছর এ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোরী ফুটবলার খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এবারের চূড়ান্ত পর্বে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ এবং ‘বি’ গ্রুপে রয়েছে গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা ও রাজবাড়ী।
গত ৭ আগস্ট টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় ফাইনাল রাউন্ডের ভেন্যু হিসেবে টাঙ্গাইলকে নির্বাচিত করায় বাফুফেকে ধন্যবাদ জানান।
আগামী সোমবার (১৭ আগস্ট) একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালকে ঘিরে টাঙ্গাইলজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আরিফুল ইসলাম /এসএইচএ
