রাজবাড়ী শহরের প্রধান সড়ক ও জনবহুল এলাকার ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে প্রায় দুই শতাধিক ফাস্টফুড, ফল, বাহারি খাবার ও বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকান ঘিরে ক্রেতাদের ভিড়ের পাশাপাশি রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলের জট লেগে থাকে। এতে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে এসব দোকানের খোলা খাবার খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সিভিল সার্জনের সরকারি বাসভবন পর্যন্ত প্রধান সড়কের পাশের ফুটপাতজুড়ে শতাধিক ফাস্টফুড, স্ট্রিট ফুড ও পোশাকের দোকান বসেছে। প্রতিদিন দুপুরের পর থেকে রাত ১২টা পর্যন্ত এসব দোকানে বেচাকেনা চলে। রাতে দোকানগুলো কাপড়, পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রেখে যান ব্যবসায়ীরা। পরদিন দুপুরে আবার শুরু হয় বেচাকেনা।
ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। খাবারের দোকানকে কেন্দ্র করে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল সড়কের পাশে জড়ো হওয়ায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে খাবারের উচ্ছিষ্ট ও বিভিন্ন আবর্জনা ফুটপাত ও আশপাশে ফেলায় নোংরা হচ্ছে পরিবেশ।
শুধু জেলা স্কুলের সামনের ফুটপাত নয়, শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বরের নান্নু টাওয়ারের সামনে, টাউন মক্তব স্কুলের মোড়, বড়পুল থেকে আনসার ক্যাম্প মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ও ডিভাইডারের মাঝেও ভ্রাম্যমাণ দোকান বসানো হয়েছে। এছাড়া রাজবাড়ী বাজারের মজিব বিল্ডিংয়ের সামনে থেকে কাপড় বাজারের মোনাক্কা টাওয়ার পর্যন্ত ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে ভ্যানের ওপর কাপড়, ফল, ফুচকা ও বিভিন্ন পণ্যের দোকান বসেছে। এতে একদিকে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে সড়ক সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় কয়েকজন নাগরিক জানান, বিকেলের পর জেলা স্কুলের সামনের ফুটপাত দিয়ে হাঁটার পরিবেশ থাকে না। দোকানের পাশাপাশি ক্রেতাদের বসার জন্য ড্রেনের ওপর চেয়ার-টুলও রাখা হয়। ফলে ড্রেনের ওপর দিয়েও পথচারীদের চলাচলের সুযোগ থাকে না।
তারা বলেন, ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য। সেখানে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ফুটপাত দখলমুক্ত করে নাগরিকদের চলাচলের ব্যবস্থা করার দাবি জানান তারা।

ফুটপাতে দোকান বসানোর বিষয়ে কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রায় এক বছর ধরে তারা জেলা স্কুলের সামনে ব্যবসা করছেন। ফুটপাতে দোকান বসানো ঠিক নয়, সেটি তারা জানেন। তবে দোকান দেওয়ার মতো নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে সেখানে বসতে হচ্ছে।
একজন ফাস্টফুড ব্যবসায়ী বলেন, বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক ঘণ্টা দোকান বসান। এ ব্যবসার আয় দিয়েই তাদের সংসার চলে। দোকান সরিয়ে নিতে হলে বিকল্প জায়গার ব্যবস্থা করা প্রয়োজন।
অন্যদিকে, ফুটপাতের এসব ভ্রাম্যমাণ দোকান থেকে মিস মহালের নামে খাজনার রশিদের মাধ্যমে ২০ থেকে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ফুটপাত দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি পৌর শহরের ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন।
সভায় তিনি বলেন, বাজার এলাকায় হকাররা ভ্যান নিয়ে রাস্তার ওপর ব্যবসা করায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পৌর শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। বাজারের ভেতরে ফুটপাতে কোনো দোকান বসতে দেওয়া যাবে না। এ বিষয়ে রাজবাড়ী পৌরসভাকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
তবে সভায় নির্দেশ দেওয়ার পরও রাজবাড়ী পৌরসভা এখন পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য। সেখানে দোকান বসানো আইন পরিপন্থী। তবে ফুটপাতের ওপর দোকান বসানোর বিষয়টি পৌরসভা দেখবে। ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। এসব দোকানের কারণে যানজট সৃষ্টি হলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক বলেন, জেলা স্কুলের সামনে ফুটপাত দখল করে যেসব ভ্রাম্যমাণ দোকান বসেছে, সেগুলোর কোনো অনুমোদন পৌরসভা থেকে দেওয়া হয়নি। ফুটপাত ও সড়কের পাশে বসা ভ্রাম্যমাণ দোকানগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। অতি শিগগির অভিযান পরিচালনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএমবি
