ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চাপাতলা মাজার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, চাপাতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্র ক্যাম্পের সদস্যরা দুইজন পুরুষ, একজন নারী ও এক শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি খালিশপুর ৫৮ বিজিবির কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের নজরে আসে।
পরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করলে বিএসএফ সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে পাঠাতে ব্যর্থ হয়।
বিজিবি আরও জানায়, বর্তমানে ওই চারজন সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন।
এ ঘটনায় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
সম্রাট হোসেন/এসএইচএ
