বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসারসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) জালকুড়ি এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন—জালকুড়ি তালতলা এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে ও সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আজিজুল হক (৮৫) এবং মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি পশ্চিমপাড়া মাদরাসা রোড এলাকার আ. রাজ্জাকের ছেলে মো. মজিবুর রহমান (৫১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জালকুড়ি তালতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আজিজুল হককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে মো. আমিনুল হক জানান, প্রতিদিনের মতো সকালে নাশতা শেষে চা পান করতে দোকানে যাচ্ছিলেন তার বাবা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শুক্রবার (১৫ আগস্ট) রাতে জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কে আরেকটি দুর্ঘটনায় মজিবুর রহমান নিহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আনুমানিক ৫১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে স্বজনরা মরদেহ দেখে তাকে মজিবুর রহমান হিসেবে শনাক্ত করেন। তার চাচাতো ভাই ফারুক আহমেদ জানান, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মৌচাক ভূইয়া অটোতে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না এবং প্রায়ই বাইরে ঘোরাফেরা করতেন।

স্বজনদের ধারণা, শুক্রবার রাতে বাইরে থাকার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজিজুল হকের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরজনের মরদেহ কিছুক্ষণ আগে শনাক্ত করা হয়েছে।

মেহেদী হাসান সৈকত/এসএইচএ