লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) ও সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে বেশ কিছু দূর ছেঁচড়ে নিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।
মুরাদ মুর্শিদ/এমএমবি
