জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে জাল চুরির সন্দেহে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া এলাকার ময়েন শেখের ছেলে।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে একটি ছোট নৌকাতে করে নিহত নুর মোহাম্মদ, গাইবান্ধার বাটিকামারি এলাকার সেলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর ও দেওয়ানগঞ্জের বরখাল এলাকার ইসমাইলের ছেলে রফিকুল যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের জাল চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় ওই তিনজনকে স্থানীয়রা ধরে ফেলেন এবং সেখানে তাদের মারধর করলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যায়। আহত হন অপর দুজন।
এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়রা তাদের চোর মনে করে ধাওয়া দেন এবং মারধর করেন। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাঁধন হোসেন/আরএআর
