বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কার্যক্রম আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি। তিনি বলেন, একটি ‘স্মার্ট বিআইডব্লিউটিসি’ গড়ে তোলার লক্ষে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাট ও ফেরি পারাপারের ওয়েস্কেল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আব্দুল বারী ড্যানি বলেন, বিআইডব্লিউটিসির কার্যক্রম মোটামুটি আপডেটিং পর্যায়ে রয়েছে। তবে সংস্থাটিকে আরও আধুনিকায়ন করা প্রয়োজন। এমন একটি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ঢাকার হেড অফিসে বসেই সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করা যায়।
তিনি বলেন, অপারেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করছে কি না, তা মন্ত্রণালয় ও হেড অফিস থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঘাটের বিভিন্ন বিষয় সরেজমিনে দেখা হয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় আপডেটিংয়ের কাজও চলছে।
টিকিটিং ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, তাই নির্ধারিত নিয়ম অনুযায়ী টিকিট নিয়েই যানবাহনকে ফেরিতে পার হতে হবে। ভবিষ্যতে আরও স্মার্ট পদ্ধতি ব্যবহার করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা হবে।
তিনি আরও বলেন, বিআইডব্লিউটিসির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেন, ফেরি পারাপারের ক্ষেত্রে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত ওজনসীমা রয়েছে। নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত মালামাল পরিবহন করলে তা ওভারওয়েট হিসেবে গণ্য হবে। অতিরিক্ত মালামালের জন্য নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর মো. আশিকুজ্জামান, ফাইন্যান্সিয়াল ডিরেক্টর শেখ মোহাম্মদ নাসিম, উপসহকারী পরিচালক ছালাম হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউজ্জামান, দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন ও সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে
