খুলনায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে তার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আঘাতে যুবক মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করা হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রটি আরও জানায়, তাদের নিজস্ব একটি ঘের রয়েছে। সেই ঘেরের দেখাশুনার কাজ করতেন জয় ঢালী। খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিল সে। গত কয়েকদিন আগেও তাদের মধ্যে বিরোধ বাধে। এরপর থেকে তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। শনিবার রাতে সেই সুযোগে দুর্বৃত্তরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে।
রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই উজ্জ্বল বলেন, রাতে সংবাদ পেয়ে শহিদের মোড়ে এসে জয় ঢালীর মরদেহ উদ্ধার করা হয়। রাতে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক বি কোম্পানির সদস্য ছিল। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। অন্তর্দ্বন্দ্বের জের ধরেই বি কোম্পানির সদস্যরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার নেপথ্যের কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদ মিলন /এসএইচএ
