জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এহতে শিমুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবি শাখার এই দুই সদস্যকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জাবি শাখা ছাত্রদলের সূত্রে জানা যায়, অব্যাহতিপ্রাপ্ত এই দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের ছবি শেয়ার করেছিলেন। দলীয় আদর্শ ও নীতিবিরোধী এই কর্মকাণ্ডের কারণেই তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএইচএ
