বিজ্ঞাপন

সরকারি কাজে বাধা দিলে পরিচয় বিবেচনা করা হবে না : সংস্কৃতিমন্ত্রী

সরকারি কাজে বাধা দিলে পরিচয় বিবেচনা করা হবে না : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা দলীয় পরিচয়ে মস্তানি—কোনোটিই বরদাশত করা হবে না। নিজের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। পরিচয় বিবেচনা না করে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে হবে।

শনিবার (১৫ আগস্ট) মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে চেক ও বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যায়, সেখানে মাদক ছড়িয়ে পড়লে তার প্রভাব কোনো পরিবারের সন্তানকেই ছাড়বে না। তাই মাদক নির্মূলে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। একটি লোকালয়ে আগুন লাগলে সেখানে মসজিদ, মন্দির যাই থাকুক না কেন, সবকিছু ছারখার হয়ে যায়। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাবে, সেখানে মাদকদ্রব্য ছড়িয়ে পড়লে আপনার সন্তানও মাদকে আক্রান্ত হতে পারে। তাই এ বিষয়ে শিক্ষকসহ সবাইকে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকার ১৮ বছর ধরে লুটপাট করেছে। লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে।তারা শিক্ষকদের দুই হাজার ২০০ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গেছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

পরে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র ও বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

তাছিন জামান/এমএন

বিজ্ঞাপন