বিজ্ঞাপন

মধ্যরাতে আগুনে পুড়ে ছাই দুই দোকান, ৩ লাখ টাকার ক্ষতি

মধ্যরাতে আগুনে পুড়ে ছাই দুই দোকান, ৩ লাখ টাকার ক্ষতি

নোয়াখালীর সেনবাগে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি মুদি দোকান ও একটি চায়ের দোকান। এতে দোকান দুটির মালামালসহ আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দিকাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে কর্ণফুলী ব্রিকফিল্ডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সিএনজি চালক মিজান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দোকান দুটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান দুটির মালিক জহির ও মহিন। স্থানীয়দের ভাষ্য, তারা দুজনই দরিদ্র। ছোট দোকান দুটির আয় দিয়েই কোনোভাবে পরিবারের সংসার চালাতেন তারা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মহিন বলেন, রাতে হঠাৎ দোকানে আগুন লাগার খবর পাই। এসে দেখি সবকিছু আগুনে পুড়ে যাচ্ছে। দোকানের কোনো মালামালই রক্ষা করতে পারিনি। অনেক কষ্ট করে দোকানটি চালিয়ে পরিবার-পরিজন নিয়ে চলতাম। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আবার ঘুরে দাঁড়াব, বুঝতে পারছি না।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, জহির ও মহিন খুবই গরিব মানুষ। অনেক কষ্ট করে দোকান করে পরিবার চালাতেন। তাদের এই ক্ষতি খুবই কষ্টদায়ক। এখন কীভাবে তাদের পরিবার চলবে, আল্লাহই ভালো জানেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনবাগ থানার এসআই আব্দুর রব। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে দোকান দুটির মালামালসহ আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা

শাহরিয়ার উদ্দিন অরুপ/এমএন

বিজ্ঞাপন