বিজ্ঞাপন

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আরাবি ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম শাহিন হোসেন। তাদের বাড়ি হরিণাকুণ্ড উপজেলার ভবানীপুর গ্রামে হলেও পরিবারটি দীর্ঘদিন ধরে ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৩টা থেকে আল আরাবি নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। পরে উপজেলা পরিষদের পুকুরে সে ডুবে যেতে পারে এমন ধারণা থেকে স্বজন ও স্থানীয়রা সেখানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে পুকুর থেকে আল আরাবিকে উদ্ধার করে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, রাত সাড়ে ৮টার দিকে আল আরাবি নামের ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্রাট হোসেন/এমএন

বিজ্ঞাপন