সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান। তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ১৫ জন আসামি রয়েছেন। অজ্ঞাতনামা আসামি আরও ৩০ থেকে ৪০ জন।
জানা গেছে, শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেছেন। তবে তদন্তের স্বার্থে এখনো আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সার্বিক বিষয় নিয়ে রোববার বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় এমপি আয়নুল হক জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপি। হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দুই পক্ষই।
মো. নাজমুল হাসান/এএমকে
