জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ওই নেতার নাম আতিকুজ্জামান আতিক। তিনি শাখা ছাত্রদলের সদস্য এবং বাংলা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবি শাখা ছাত্রদলের এই সদস্যকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর জানান, দলীয় আদর্শ ও নীতিবিরোধী কর্মকাণ্ডের কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ব্যক্তিগত স্বার্থ লাভের উদ্দেশ্যে ছাত্রদলের নাম ভাঙিয়ে জোরপূর্বক নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
এ বিষয়ে আতিকুজ্জামান আতিককে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অব্যাহতির কারণ নিয়ে অবগত নন বলে জানান।
এর আগে, ১৫ আগস্ট শেখ মুজিবের ছবি শেয়ার করে শোক প্রকাশের অভিযোগে শাখা ছাত্রদলের আরও দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এহর শিমুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
আরকে
