বিজ্ঞাপন

ছাদে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে আহত বৃদ্ধ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ছাদে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে আহত বৃদ্ধ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাদে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) সকালে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. মাহফুজুল ইসলাম (৬৮) শ্রীনগর উপজেলার সিংপাড়া গ্রামের বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে হরপাড়া এলাকায় লিটন শেখের ৩য় তলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। সংবাদ পেয়েই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ছাদের ওপর ৩৩ হাজার ভোল্টের তারের সংস্পর্শে গুরুতর আহত অবস্থায় মাহফুজুল ইসলামকে ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ব. ম শামীম/আরকে