বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোট ও সমর্থনের প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

 শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করতে হবে। কোনো শিশু যেন অর্থের অভাবে ঝরে না পড়ে- এ বিষয়ে সকলকে নজর দিতে হবে।

শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের পড়াশোনায় যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের বিষয়ে তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাটের তৈরি স্কুলব্যাগ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে, অন্যদিকে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহারও বাড়ছে। পরিবেশবান্ধব এ উদ্যোগ দেশের পাটশিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

শামা ওবায়েদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিন কুমার চাকী প্রমুখ।

জহির হোসেন/আরএআর