বিজ্ঞাপন

সিলেটে ৩ খুন : আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর

সিলেটে ৩ খুন : আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে (৪০) চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক শিপলু চৌধুরী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার বাবুল মিয়াকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতের কাছে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক ফারহানা সুলতানা বাবুল মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহকর্মী তাহমিনার (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার ৬১ ঘণ্টা পর নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা থানায় অভিযোগ করেন। এতে আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে এর সত্যতা এখনো প্রমাণিত হয়নি।

হত্যার কারণ নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে একমত নন সেলিনা। পুলিশের দাবি, তাহমিনার সঙ্গে বাবুল মিয়ার কথিত প্রেমের বিষয়টি হত্যার কারণ। তবে সেলিনার দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার দিন বাবুলকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

মাসুদ আহমদ রনি/আরকে