দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাকে আগে শিক্ষিত করতে হবে। মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে। বেশিরভাগ বাবা কর্মব্যস্ততার কারণে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। মায়েরা প্রতিনিয়ত সন্তানদের পাশে থেকে তাদের মানুষ করার চেষ্টা করেন।
রোববার (১৬ আগস্ট) সকালে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত না হলে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে সমাজের উন্নয়নে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা গেলে জাতিও শক্তিশালী হয়ে দাঁড়াবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা গেলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে। এজন্য সরকার বর্তমান বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনা কোনোভাবেই সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এ ধরনের ঘটনা সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়কে নির্দেশ করে। নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও শিষ্টাচার ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন, শুধু নতুন একাডেমিক ভবন, বাস কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই হবে না। সমাজ নিরাপদ না হলে এসব উন্নয়নের প্রকৃত মূল্য থাকে না। সন্তানদের স্কুল-কলেজে পাঠানোর পর অভিভাবকদের মনে যাতে অপহরণ বা নিখোঁজ হওয়ার আশঙ্কা না থাকে, এমন কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, উপাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সাদেকী প্রমুখ।
পরে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।
ফরহাদুজ্জামান ফারুক/আরকে
