ক্যাশলেস লেনদেন আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল করতে তৃণমূল পর্যায় থেকে দেশের প্রতিটি খাতে বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জাতীয় স্বার্থেই ক্যাশলেস লেনদেন জরুরি।
রোববার (১৬ আগস্ট) সকালে বগুড়া শহরের নাজ গার্ডেনে বাংলাদেশ ব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও অস্ট্রেলিয়ান সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় অর্ধদিবসব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ.ন.ম. মঈনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় স্বার্থেই ক্যাশলেস লেনদেন জরুরি। এতে একদিকে টাকা ছাপাতে রাষ্ট্রের ব্যয় কমবে, অন্যদিকে জাল টাকার লেনদেনও প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি বলেন, দেশ ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলা কিউআর আর্থিক লেনদেনের অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন বলেন, ক্যাশলেস লেনদেন সরকারের একটি অনন্য উদ্যোগ। বাংলা কিউআর এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। ফলে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি দুটোই কমবে।
তিনি আরও বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে আর্থিক প্রতারণার ঝুঁকি কমার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনের গতিশীলতা বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও বাস্তব প্রয়োগ নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক পারভেজ আনজম মুনীর ও মঈন উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল মোমিন/এমএমবি
