বিজ্ঞাপন

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহন মন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহন মন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, মোংলা নদীর ওপর দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মোংলা বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ, এ দেশের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। 

এ সময় উপস্থিত ছিলেন— বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।

এর আগে মন্ত্রী হেলিকপ্টারযোগে মোংলা বন্দরে আসেন। মোংলা বিশেষ অর্থনৈতিক জোন পরিদর্শন, পশুর চ্যানেল ও আকরাম পয়েন্ট পরিদর্শন করেন।

শেখ শামীম হাসান/এমএন