পিরোজপুর সদর উপজেলায় অবৈধভাবে রেণুপোনা পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ড্রামে থাকা প্রায় ২০ হাজার রেণুপোনা জব্দ করা হয়। পরে আটক তিনজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সাতটি ড্রামে থাকা আনুমানিক ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ তিন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের আরিজুল শেখের ছেলে বেল্লাল হোসেন (৩২), রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের আবদুল হাইয়ের ছেলে ইমরান (৩২) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামের কাঞ্চন পাটওয়ারীর ছেলে মো. শাহবুদ্দিন (৫২)। অর্থদণ্ড আদায়ের পর উদ্ধার করা প্রায় ২০ হাজার রেণুপোনা স্থানীয় বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ রেণুপোনা আহরণ ও পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে পিরোজপুর সদর উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সাদী মো. হিমেল/এমএন
