নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়ক ও দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকার সেচ ক্যানেলে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪) ও ডিমলা উপজেলার নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে গরুবোঝাই একটি নসিমন জলঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিল। এ সময়ে ডোমার মহাসড়ক এলাকায় নসিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা
গুরুতর আহত অবস্থায় শাহজাহান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।
অপরদিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় ক্যানেলের পাশে দুই শিশু খেলা করছিল। এসময়ে সিনহা আক্তার ক্যানেলের পানিতে পড়ে যায়। পরে পাখি আক্তার তাকে পানি থেকে তুলতে গেলে দুজনেই পানিতে ডুবে যায় মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
