মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ‘অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন’। ২০২৬ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠনটি চলতি বছর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা, দরিদ্র কৃষকদের সার বিতরণ, আর্থিক সহায়তা ও চিকিৎসা সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
চলতি বছর অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ নিজের নামে ‘অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিয়ে আসছে সংগঠনটি।
গত ২২ জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে ৮০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। এরপর চলতি মাসের ১৪ আগস্ট আরও ১৫০টি দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়া ১৫ আগস্ট ১৫ জন দরিদ্র কৃষকের মধ্যে সার বিতরণ করা হয়।
সহায়তা পাওয়া দরিদ্র কৃষক মো. হাফিজার মৃধা বলেন, ‘আমি একজন দরিদ্র কৃষক। পরিবার নিয়ে খুব কষ্টে চলি। আমাদের এলাকার সন্তান অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ ভাইয়ের কাছে আমার সমস্যার কথা বলার পর তিনি সারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’
কুলছুম বেগম নামে এক নারী বলেন, ‘আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তিনি অসুস্থ থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি। আমাদের সমস্যার কথা জানতে পেরে অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ ভাই তার ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছেন। এতে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা তার জন্য দোয়া করি। আশা করি, এই ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।’
সার সহায়তা পাওয়া কৃষক মান্নান বিশ্বাস বলেন, ‘চাষাবাদ করতে গিয়ে নানা খরচ সামলাতে হয়। সংসারের অভাবের কারণে সময়মতো সার কেনা আমার জন্য কঠিন হয়ে পড়ে। ফাউন্ডেশনের পক্ষ থেকে সার পাওয়ায় এবার চাষাবাদে অনেকটা স্বস্তি পেয়েছি। এলাকার দরিদ্র কৃষকদের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়ায় আমরা উপকৃত হয়েছি।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু খাদ্য ও কৃষি সহায়তাই নয়, বিভিন্ন সময়ে অসুস্থ ও দুঃস্থ মানুষের চিকিৎসা এবং অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতাও করে আসছে সংগঠনটি। প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফাউন্ডেশনটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, ‘সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের মাধ্যমে আমার নিজ ইউনিয়ন সব্দালপুরের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষের কষ্টের কথা শুনে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। তবে মানুষের সেবা করার বিষয়টি কোনো নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম নয়। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে আরও বড় পরিসরে অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।’
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে সব্দালপুর ইউনিয়নে বৃহত্তর পরিসরে অসহায়, দরিদ্র, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে খাদ্য সহায়তা, কৃষকদের সহযোগিতা, চিকিৎসা সহায়তা ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে সংগঠনটির।
তাছিন জামান/আরকে
