বিজ্ঞাপন

ছাত্রশিবির সভাপতি

শিবিরের সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না

শিবিরের সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শিবিরের কর্মী ও সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না। কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোর শহর শাখা ছাত্রশিবিরের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি। এ দেশের তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে এক নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে। স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম। আরও বক্তব্য দেন যশোর জেলা পশ্চিমের সভাপতি ইসমাঈল হোসেন, যশোর জেলা পূর্বের সভাপতি মিজানুর রহমান, মাগুরা জেলা সভাপতি জুবায়ের ও নড়াইল জেলা সভাপতি তাজ মোহাম্মদ।

সমাবেশে বক্তারা কর্মীদেরকে পড়াশোনার পাশাপাশি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। 

রেজওয়ান বাপ্পী/আরএআর

বিজ্ঞাপন