গাজীপুরের কোনাবাড়ীতে রোকেয়া আক্তার (২৪) নামের এক পোশাকশ্রমিক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিয়াগুনি এলাকার তারা মিয়ার মেয়ে রোকেয়া আক্তার। তিনি কোনাবাড়ীর পারিজাত আটতলা মোড় নামক এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় স্বামী আরিফের সঙ্গে ভাড়া থাকতেন। রোকেয়া স্থানীয় মেডিটেক্স গার্মেন্টসে কাজ করতেন।
দীর্ঘদিন ধরে রোকেয়া ও আরিফের মধ্যে পারিবারিক কলহ নিয়ে বিবাদ চলছিল। রোববার রাতেও তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় স্বামী তার স্ত্রীর গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। মধ্যরাতে পাশের কক্ষের লোকজন তাদের রুমের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের কক্ষে গিয়ে দেখেন রোকেয়ার নিথর দেহ বিছানার উপর পড়ে আছে। পরে খবর পেয়ে ভোর রাতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, এই হত্যায় রোকেয়ার স্বামী আরিফের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
আশিকুর রহমান/এসএইচএ
