বিজ্ঞাপন

রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাড়ি ওই এলাকার ইসহাক রাড়ির ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার চার মেয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রোববার সকালে ওই সড়ক দিয়ে একটি ভেকু মেশিন নেওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে সড়কের ওপর পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসে জানান। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে এলেও ছেঁড়া তার মেরামত না করেই চলে যান বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ছেঁড়া তার মেরামতের জন্য লাইনের আওতাভুক্ত কয়েকজন গ্রাহকের কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে না পারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তারটি সড়কের ওপর পড়ে থাকলেও তা মেরামত করা হয়নি। তবে এ অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার দুপুরে ইউসুফ রাড়ি গরুর জন্য ঘাস কাটতে ওই সড়কে গেলে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় তারা ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ সংশ্লিষ্টদের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম আলমাস/এমএন