বিজ্ঞাপন

সোনারগাঁওয়ে ডাকাতির মামলায় দুই আসামি গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ডাকাতির মামলায় দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির মামলায় মো. জাবেদ (২৭) ও মো. আসিফ (২৪) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাবেদ নারায়ণগঞ্জের বন্দর থানার চানপুর (ছোটবাগ) এলাকার মোখলেছের ছেলে এবং আসিফ সোনারগাঁ থানার ললাটি এলাকার মোস্তফার ছেলে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানার মামলা নম্বর-১৫, ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জাবেদের বিরুদ্ধে বন্দর থানায় ২০২৪ সালের ১ অক্টোবর দায়ের করা একটি ডাকাতির মামলা রয়েছে। ওই মামলাতেও দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় অভিযোগ রয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

মো. মীমরাজ হোসেন/এমএন

বিজ্ঞাপন