বিজ্ঞাপন

‎রাঙামাটিতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত যুবক আটক

‎রাঙামাটিতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত যুবক আটক

‎‎রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বপন চাকমা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

‎নিহত রিপন চাকমা (১৪) কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাইজ্জাতলি মৌজার ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে রিপন চাকমা এক প্রতিবেশীর বাড়ির থেকে পানি আনতে যায়। সেখানে আগে থেকেই স্বপন চাকমা অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি রিপনকে একটি ঘরে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

‎পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ঘরে নিয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে রিপনের বুকে আঘাত করা হয়। পরে তাকে গলায়ও আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে স্বপন চাকমাকে আটক করা হয়।

‎রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বপন চাকমাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, একটি শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে।

‎এদিকে শিক্ষার্থী রিপন চাকমাকে হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মোস্তফা কামাল রাজু/আরকে

বিজ্ঞাপন