ফেনীর পরশুরামে নিজ বসতঘর থেকে জাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার গুথুমা মাস্টারপাড়া এলাকায় বন্ধ ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন ছেলে ও স্থানীয়রা।
মৃত জাহেদা আক্তার ওই এলাকার মোহাম্মদ আবদুল মতিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ছেলে চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন।
মৃতের ছেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) থেকে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না ছেলে আফজাল হোসেন হৃদয়। পরে সোমবার বিকেলে ঢাকা থেকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মধ্যে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।
আফজাল হোসেন হৃদয় বলেন, মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফোনে কোনো সাড়া না পেয়ে বাড়িতে এসে এই অবস্থায় দেখতে পেয়েছি। রোববার রাতের যেকোনো সময় তিনি মারা গেছে বলে ধারণা করছি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তিন দিন আগেই বৃদ্ধা মারা গেছেন হয় তো। টানা কয়েকদিন তাকে ঘরের বাইরে দেখা যায়নি। একজন অসুস্থ মানুষ কয়েকদিন একা ঘরে থাকলেও তার খোঁজ না নেওয়ার বিষয়টি সামাজিকভাবে উদ্বেগজনক।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে। পরে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেছে।
তারেক চৌধুরী/আরকে
