বিজ্ঞাপন

কুমিল্লায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি

কুমিল্লায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি

কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মো. নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি পরিবেশকে সজীব ও আর্দ্র রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজসেবা মানে শুধু অর্থ দিয়ে কাউকে সহযোগিতা করা নয়, একজন অন্ধ মানুষকে পথ পার করে দেওয়াও সমাজসেবা। আমাদের সবাইকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

এ সময় শিক্ষার্থীদের সামনে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থী ও সেইভ আর্থের সদস্যরা বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ বলেন, আমাদের বাংলাদেশকে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। অন্যায় ও অবিচার রোধ করে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের যে যাত্রা, সেখানে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।

সেইভ আর্থ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান বলেন, একটি সুন্দর স্বদেশ গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষা ও সমাজের কল্যাণে কাজ করলে সম্মিলিতভাবেই একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সংগঠনটির সমন্বয়কারী খন্দকার আফরিন বলেন, শিশুদের হাসির মতোই সুন্দর আমাদের বৃক্ষগুলো। বৃক্ষ আমাদের মমতাময়ী মায়ের মতো আশ্রয় ও সুরক্ষা দেয়। তাই বৃক্ষ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আয়োজকরা জানান, ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছে সেইভ আর্থ অর্গানাইজেশন। এ পর্যন্ত কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে সংগঠনটি। ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান তারা।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

এসএএস