ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ৬ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাকরাহন্দ (রশিদাবাদ ইউপি) এলাকার মো. জালাল মিয়ার ছেলে মো. তাসিন মিয়া (১৭) ও দুলাল মিয়ার ছেলে নুরুল হক (১৭), বড়বাগ (লতিবাবাদ ইউপি) এলাকার নয়ন মিয়ার ছেলে প্রত্যয় (১৭) ও বড়বাগ উত্তরপাড়ার মো. আবু বক্করের ছেলে ইকরাম হোসেন (১৭) এবং গাইটাল এলাকার মো. আনিস মিয়ার ছেলে জিসান (১৭) ও মো. মকবুল হোসেনের ছেলে মো. মোবারক হোসেন হীরা (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার অ্যাডভোকেট আঃ খালেক দাদনের (পিতা-মৃত মফিজ উদ্দিন) বসতঘরের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কিছু সদস্য সমবেত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ছবি সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে ‘শোক থেকেই শক্তি, শোকবহ আগস্ট, বিক্ষোভ মিছিল, সৌজন্যে খালিদ হাসান তুষার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা’ লেখা ছিল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় থানায় ১৭ নম্বর মামলা রুজু করা হয়েছে।
তিনি জানান, মামলায় গ্রেপ্তার ৬ জনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সাখাওয়াত সুমন/এমএমবি
