ঐতিহ্যবাহী আখাউড়া খড়মপুর মাজার শরীফের দানবাক্সের টাকা গণনা শেষে মোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। নগদ অর্থ ছাড়াও পাওয়া গেছে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনা এবং রূপা।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া এবং মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দান করা সমস্ত অর্থ নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
হযরত শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.)—যিনি ‘শাহপীর কল্লা শহীদ’ নামে সর্বজনপরিচিত। তার স্মরণে প্রতি বছর ১০ আগস্ট থেকে ওরস শরীফ শুরু হয়। গত ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মূল অনুষ্ঠান শেষ হলেও ওরস উপলক্ষে আয়োজিত মেলা চলবে আরও প্রায় এক মাস।
হাজার বছরের ঐতিহ্যবাহী এ ওরসে চলতি বছরে রেকর্ডসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছিল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌ, সড়ক ও রেলপথ ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ মাজারে পৌঁছান। ওরস চলাকালীন বিশেষ করে আখাউড়াগামী ট্রেনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
মো. জুয়েল রহমান/এএমকে
