খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী যামিনীপাড়া এলাকায় প্রথমবারের মতো বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এসময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।
যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন।
চালক প্রথমে গতি কমালেও বিজিবির উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ মোটরসাইকেলটি ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহল দল পিকআপ নিয়ে তাঁদের ধাওয়া করে।
বিজিবি জানায়, প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার দিকে একটি সরু সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও দুর্গম সড়কের কারণে বিজিবির পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব বেড়ে যায়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ি পথে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় এর সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।
বিজিবির হিসাবে, উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ শাহজাহান/এমএমবি
