নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তানভীর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো বজলুর রশিদের ছেলে। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জে গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ৪৫ তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর নিহত হন। ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা নিহতের পরিচয় শনাক্ত করতে না পারায় পরে সিআইডি ও পিবিআইয়ের সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের ভাই সফিকুল ইসলাম বলেন, আমার ভাই পঞ্চগড়ে কর্মরত ছিলেন এবং ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের অপেক্ষা করছিলেন।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার শফিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে
