সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় একটি ডিঙি নৌকাসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আটককৃতদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মোস্তফা গাজী (৬৪), মাহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন বলেন, বিশেষ টিমের অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি চিংড়ি, ১৩৭ কেজি সাদা মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম জব্দ করা হয়েছে।
আটকদের মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে বিকেল ৫টা ৪৭ মিনিটে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয় বলেও জানান বন বিভাগ।
ইব্রাহিম খলিল/এএমকে
