বিজ্ঞাপন

খুলনায় ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

খুলনায় ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নগরীতে ছেলেধরা সন্দেহে রাজু বিশ্বাস নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে খুলনার বয়রা রায়ের মহল বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

মৃত যুবক রাজু বিশ্বাস ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা স্টেশন রোডের বাসিন্দা নজরুল বিশ্বাসের ছেলে।  

পুলিশ জানায়, রাজু বিশ্বাসসহ তিনজন বিকেলে মোটরসাইকেলে করে রায়েরমহল এলাকায় এসেছিলেন। পরে রাজু একটি শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে ধাওয়া দিয়ে রাজুকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গণপিটুনি দেয়।

তবে এর আগে মোটরসাইকেলে থাকা বাকি দুজন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে তিনি জানান। 

আড়ংঘাটা থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই সোহাগ বলেন, ঘটনাস্থলে ছেলে ধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে জখম করেছে স্থানীয়রা। এমন সংবাদ পেয়ে যুবককে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে খুমেকে আসে তারা।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি তদন্ত মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।  

মোহাম্মদ মিলন/এসএইচএ

বিজ্ঞাপন