বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নারীসহ গ্রেপ্তার ৪

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ী ও তার ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার (১৭ আগস্ট) রাতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— বাবুল দাস, রাখাল দাস, স্বপন দাস ও যশোদা রাণী দাস।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের উত্তর ছলিমপুরের দেলিপাড়া এলাকার ব্যবসায়ী দুর্যোধন দাশের (সজীব) কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। গত ২৭ মে সকালে বাবুল দাসের নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিরা দুর্যোধনের বাবার চায়ের দোকানে গিয়ে পুনরায় টাকা দাবি করেন। দুর্যোধন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছোট ভাই প্রদীপ দাশকেও কুপিয়ে জখম করা হয়।

হামলাকারীরা এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মুঠোফোন কেড়ে নেয় এবং তার মায়ের কাছ থেকে নগদ ৮১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে এলাকা ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় সুনির্দিষ্ট মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’ 

আতিকুল হা-মীম/এসএইচএ