বিজ্ঞাপন

যুবককে আটকে ১০ লাখ টাকা দাবি, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

যুবককে আটকে ১০ লাখ টাকা দাবি, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সমকামিতার অভিযোগে মো. আল মামুন মিঠু (২৬) নামে এক যুবককে আটকে মারধরের পর তার কাছ থেকে ১০ লাখ টাকা দাবির অভিযোগে দুই ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। 

বহিষ্কৃতরা হলেন- উপজেলার টগবী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন ও সহ দপ্তর সম্পাদক ইমন হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন এবং সহ দপ্তর সম্পাদক ইমন হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। বোরহানউদ্দিন উপজেলা শাখার জরুরি সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয় এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বহিষ্কৃতদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও প্রদান করা হয়।

এর আগে, গত সোমবার (১৭ আগস্ট) ভুক্তভোগী যুবক বোরহানউদ্দিন থানায় ছাত্রদলের ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী মো. আল মামুন মিঠু অভিযোগ করে বলেন, অভিযুক্তরা ভুক্তভোগী যুবকের পূর্বপরিচিত এবং তারা সকলেই একই উপজেলার বাসিন্দা। গত কয়েকমাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। গত শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তদের ভাগিনির জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াতের কথা বলে ডেকে এনে মনিরাম বাজার সংলগ্ন এলাকায় নির্জন স্থানে নিয়ে সমকামিতার অভিযোগে প্রথমে তাকে বেধড়ক মারধর করেন ছাত্রদল নেতা পলিন ও ইমন।

এরপর ভয়ভীতি প্রদর্শন, মাদকদ্রব্য সামনে রেখে ভিডিও ধারণ এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন  ছাত্রদল নেতা পলিন ও ইমন। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক নগদ টাকা, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৫৭ হাজার টাকা নেন অভিযুক্তরা। পাশাপাশি প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও জোরপূর্বক নিয়ে যায় তারা। একপর্যায়ে কৌশলে তাদের কাছ থেকে ছাড়া পেয়ে স্থান ত্যাগ করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ভুক্তভোগী যুবক। এছাড়া তিনি এ ঘটনার বিচারের দাবি জানিয়েছেন।

রাতে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ও বহিষ্কৃত টগবী ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো.খাইরুল ইসলাম/এসএইচএ