বিজ্ঞাপন

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আজাদ জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে আজাদ তার স্ত্রী ও তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে-পায়ে তার জড়িয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে দুর্ঘটনা হিসেবে প্রচার করেন।

এ ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে মো. আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী মো. এনামুল হক সরকার আরও বলেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, জেরা এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। নিহতের স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেন। আমরা দ্রুত রায় কার্যকরের জন্য দাবি জানাচ্ছি।

আরিফ আজগর/এসএইচএ