বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কাছে ‘ষড়যন্ত্রের’ বিচার চাইলেন লালমনিরহাটের এমপি বাবুল

প্রধানমন্ত্রীর কাছে ‘ষড়যন্ত্রের’ বিচার চাইলেন লালমনিরহাটের এমপি বাবুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চাইলেন লালমনিরহাট- ২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। মঙ্গলবার(১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সুল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিচার প্রার্থী হন। 

কর্মী মূল্যায়ন সভায় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল সংগঠনের নেতারা মঞ্চে রয়েছেন। এরা কি তৃণমূলের নেতা না? তাহলে কি ওই কজন নেতা? যারা আজ তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য বলছেন, আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী যদি বলেন, আমি অযোগ্য এবং পদত্যাগ করতে বলেন, তাহলে একটা মুহূর্তও বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তিনি যেন সুষ্ঠ তদন্ত করে আমার ওপর এ ষড়যন্ত্রের বিচার করেন। 

রোকন উদ্দিন বাবুল বলেন, এই চক্রটি মনোনায়নের সময়ও ষড়যন্ত্র করেছে। কিন্তু দলের চেয়ারম্যান সুষ্ঠু তদন্ত করে আমাকে মনোনায়ন দিয়েছেন। তারা আগের মত আবারও ষড়যন্ত্র শুরু করেছে। যারা ষড়যন্ত্র করছেন, তারা শুধু আমার ক্ষতি করছে না, তারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করছে। তারা চায় না এ আসন জাতীয়তাবাদী দলের এমপি হোক। তা তারা চায় না। 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আপনার সজাগ থাকবেন, আপনারা সতর্ক থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো শক্তি নেই, যারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করবে, আমার অস্তিত্বের ক্ষতি করবে, আমাকে হেয় করবে।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে ক্ষমতা গ্রহণের ১৮০ দিনের উন্নয়নের অগ্রযাত্রার ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। কর্মী মূল্যায়ন সভায় উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্যের মধ্যে দাবি করেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মনোনায়ন চেয়ে বঞ্চিত হওয়ায় নির্বাচন পূর্ব থেকে এ আসনের বিএনপি দুই ভাগে বিভাক্ত হয়ে পড়ে। ওই পক্ষটির অসহযোগিতার পরেও এ আসনে ধানের শীষ প্রতীকে রোকন উদ্দিন বাবুল জয়লাভ করেন। অল্প দিনে তার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে চক্রটি সংসদ সদস্যের বিরোধিতায় নোংরা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছেন। নেতাকর্মীরা এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।

মুরাদ মুর্শিদ/এসএইচএ