সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০৮ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।
বুধবার (১৯ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১৭ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। চার মাস বয়সী শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বছরের শুরু থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত হয়েছেন।
মাসুদ আহমদ রনি/আরকে
