রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির সাদা-কালো ধনেশ (Oriental Pied Hornbill) পাখির দেখা মিলেছে। বুধবার (১৯ আগস্ট) উদ্যানের ব্যাঙছড়ি বিট এলাকায় পাখিটির উপস্থিতি নজরে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান।
বন বিভাগের সংশ্লিষ্টরা জানান, বনাঞ্চন পর্যবেক্ষণের সময় ব্যাঙছড়ি বিট এলাকায় ধনেশ পাখিটির দেখা পাওয়া যায়। এ সময় বনাঞ্চলের গাছপালার মধ্যে একাধিক পাখিকে বিচরণ করতে দেখা যায়। কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য এ উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ধনেশ বড় আকৃতির বননির্ভর পাখি। সাধারণত বিভিন্ন ধরনের ফলসহ প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে এরা বনের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ফল খাওয়ার পর বীজ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বনাঞ্চলের উদ্ভিদের বিস্তারে ভূমিকা রাখে ধনেশ। ফলে এ পাখির উপস্থিতি একটি সুস্থ বনজ পরিবেশেরও ইঙ্গিত বহন করে।
কাপ্তাই জাতীয় উদ্যান পাহাড়, বন ও কাপ্তাই হ্রদঘেরা একটি সমৃদ্ধ জীববৈচিত্র্যের এলাকা। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, বন্যপ্রাণী ও উদ্ভিদের আবাসস্থল রয়েছে। এর মধ্যে নতুন করে বিরল ধনেশ পাখির উপস্থিতি উদ্যানটির জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি বিট এলাকায় বিরল ধনেশ পাখিটি দেখা গেছে। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। বনাঞ্চলের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ড. মো. ফরিদ আহসান বলেন, ছবিতে দেখা পাখিগুলো সাদা-কালো ধনেশ (Oriental Pied Hornbill) পুরুষ ও স্ত্রী পাখি বলে মনে হচ্ছে। ধনেশ সাধারণত বননির্ভর পাখি এবং সুস্থ বনজ পরিবেশের সঙ্গে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। কোনো এলাকায় এ ধরনের পাখির উপস্থিতি সেখানকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য ইতিবাচক নির্দেশক। কাপ্তাই জাতীয় উদ্যানে এদের উপস্থিতি থাকলে নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।
স্থানীয় প্রকৃতিপ্রেমীরা বলছেন, কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশের উপস্থিতি এখানকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সমৃদ্ধতার প্রমাণ বহন করে। পাখিসহ অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল সুরক্ষায় বন উজাড়, শিকার ও বন্যপ্রাণী বিরক্ত করার মতো কর্মকাণ্ড বন্ধে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বিরল পাখি বা বন্যপ্রাণীর দেখা মিললে তা ধরার বা কাছে যাওয়ার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করা উচিত। ছবি বা ভিডিও ধারণের সময়ও যাতে পাখিটির স্বাভাবিক চলাফেরা ও আবাসস্থলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেদিকেও সতর্ক থাকতে হবে।
মোস্তফা কামাল রাজু/এএমকে
