চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। গত সপ্তাহের তুলনায় আমদানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের। বর্তমানে মাছঘাটে প্রতিদিন গড়ে ৩০০ মণের বেশি ইলিশ আসছে। তবে সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বলে জানিয়েছেন তারা।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বড়স্টেশন মাছঘাটে সরেজমিনে দেখা যায়, প্রতিটি আড়তের সামনে ইলিশের স্তূপ। আগের তুলনায় ইলিশের সরবরাহ বাড়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত। কোথাও ইলিশ বাছাই করা হচ্ছে, আবার কোথাও বরফ দিয়ে প্যাকেটজাত করা হচ্ছে। দক্ষিণাঞ্চল, সাগরের মোহনা এবং চাঁদপুরের পদ্মা-মেঘনা থেকে ইলিশ মাছঘাটে আসলেও দাম চড়া।
ব্যবসায়ীরা জানান, ইলিশের আমদানি বাড়ায় গত এক মাসের তুলনায় দাম কিছুটা কমেছে। বর্তমানে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ২ হাজার ৪০০ টাকা এবং ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে দেড় কেজি ওজনের ইলিশের কেজি ছিল ৩ হাজার ৭০০ টাকা, ১ কেজি ৩ হাজার টাকা, ৮০০-৯০০ গ্রাম ২ হাজার ৮০০ টাকা এবং ৫০০-৭০০ গ্রাম ইলিশের কেজি ছিল ২ হাজার ২০০ টাকা।

চাঁদপুর শহরের বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, চাঁদপুরে ইলিশের ঘাট হলেও এখানকার মাছ খুব কম। মূলত ভোলা ও বরিশাল থেকে আসা ইলিশই বেশি। দাম এখনো আমাদের নাগালের বাইরে।
হাইমচর থেকে আসা ক্রেতা সফিকুর রহমান বলেন, ইলিশের দাম অনেক বেশি। মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে এত দামে ইলিশ কেনা কঠিন। যাদের মাসে লাখ টাকা আয় আছে, তারাই এখান থেকে মাছ ক্রয় করতে পাবরে।
আরেক ক্রেতা জমির বলেন, আগের তুলনায় ইলিশের সরবরাহ বেড়েছে। দামও মোটামুটি সহনীয় পর্যায়েই আছে।
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন বলেন, বর্তমানে ইলিশের দাম ওঠানামা করছে। গত দুই দিনের তুলনায় আজ দাম কিছুটা বেশি। আমদানি আরও বাড়লে দাম কমতে পারে।
আরেক ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ভোলা ও বরিশাল থেকে আসা ইলিশের দাম তুলনামূলক কম। তবে চাঁদপুরের স্থানীয় ইলিশের মান একটু ভালো হওয়ায় দামও একটু বেশি। গত বছরের তুলনায় আমদানি কম হওয়ায় দামও বেশি। গত কয়েকদিনের তুলনায় আজ প্রতি মণে ৮-১০ হাজার বাড়তি।
ইলিশের আড়তদার সম্রাট বেপারী বলেন, গত দুই দিন হাতিয়ার মাছ কিছুটা এসেছে। তবে চাঁদপুরের স্থানীয় ইলিশ খুবই কম। এ কারণে দাম বেশি।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, চাঁদপুর মাছঘাটে এখনো পর্যাপ্ত ইলিশ নেই। তবে আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে। ফলে গত সপ্তাহের তুলনায় দামও কিছুটা কমেছে। এখন প্রতিদিন গড়ে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা করে দাম কমছে।
আনোয়ারুল হক/এমএমবি
