বিজ্ঞাপন

বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মির হাত থেকে মুক্তি পেলেন ২৪ জেলে

বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মির হাত থেকে মুক্তি পেলেন ২৪ জেলে

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ছয়জন রোহিঙ্গা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে বিজিবি তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। পরে বিজিবির বিশেষ প্রতিনিধিদল তাদের টেকনাফের কেয়ারি জেটিঘাটে নিয়ে আসে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়া এবং ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার কারণে এসব জেলে অসাবধানতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। পরে আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা ও বিভিন্ন বন্দিশালায় রাখে।

জেলেদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা হয়। এর ধারাবাহিকতায় বুধবার নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মি তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

দেশে ফেরার পর টেকনাফ জেটিঘাটে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জেলেদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

এ ঘটনায় দীর্ঘদিন ধরে উদ্বেগে থাকা জেলে পরিবারগুলোর মধ্যে ফিরেছে স্বস্তি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সংকট নিরসনেও বিজিবি কাজ করে যাচ্ছে। মিয়ানমারের ভেতরে এখনো যেসব বাংলাদেশি জেলে আটক রয়েছেন, তাদেরও নিরাপদে ও দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইফতিয়াজ নুর নিশান/এএমকে