ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নদীতে ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর ছড়িয়ে পড়লে মৃত ডলফিনটি দেখতে নদীর তীরে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন।
পরে স্থানীয় কিশোর সৌরভ, জোবায়ের, পায়েল ও সাইফুল নদী থেকে মৃত ডলফিনটি তীরে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মৃত শুশুকটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০০ কেজি। এটি মিঠাপানির ডলফিন বা গঙ্গাশুশুক বলে ধারণা করছেন তারা।
কিশোর সাইফুল বলেন, নদীতে ডলফিনটি ভেসে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে সেটিকে নদীর পাড়ে টেনে নিয়ে আসি। পরে এটি দেখতে অনেক মানুষ নদীর পাড়ে জড়ো হন।
ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, নদীর পানি দূষিত হলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এতে শুশুকসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়। নদীতে বর্জ্য ও দূষিত তরল পদার্থ ফেলা বন্ধ করে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষা করা জরুরি। তবে এই শুশুকটির মৃত্যুর সঠিক কারণ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।
মো. শাহীন আলম/এএমকে
