বিজ্ঞাপন

বরগুনায় পিস্তল ও গুলিসহ ৫ যুবক গ্রেপ্তার

বরগুনায় পিস্তল ও গুলিসহ ৫ যুবক গ্রেপ্তার

বরগুনার তালতলীতে ভাড়া বাসা থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাবতলী নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার হৃদয় মোল্লা ও কেওরাবুনীয়া এলাকার মো. জামাল, আংগার পাড়া এলাকার লিমন সিকদার। পটুয়াখালীর কলাপাড়া এলাকার অনিক এবং নাড়াইলের বাসিন্দা জিহাদ। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই-তিন মাস আগে ছোট বগী ইউনিয়নের গাবতলী নামক এলাকায় একটি বসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন লিমন সিকদার নামে এক যুবক। গত তিন চার দিন আগে হৃদয় মোল্লা নামে আরেক যুবক ওই বাড়িতে আসেন। পরবর্তীতে বরগুনাসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিন যুবক আসেন। তবে এলাকায় তাদের চলাচলে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা সকালে ওই ঘরে প্রবেশ করে তল্লাশি চালালে একটি পিস্তল দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দারা তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিমন সিকদারসহ ওই চার যুবককে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তলসহ ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।     

এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ তালতলীতে বিএনপির দুটি সমাবেশ ছিল। ওই সমাবেশকে কেন্দ্র করে পুলিশের একাধিক টিম সক্রিয় অবস্থানে ছিল। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষ রয়েছেন, প্রকৃত ঘটনা উদঘাটনে জন্য তদন্ত অব্যাহত রয়েছে। 

মো. আব্দুল আলীম/এএমকে