গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক চাকা ভেঙে উল্টে সড়কের পাশের খাদের পানিতে পড়ে গেছে। এতে মোজাহিদ (২৫) নামে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। ওই হেলপারকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হলে তার মৃত্যু হয়। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম।
নিহত হেলপার মোজাহিদ সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা এবং ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কালিরবাজার থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী চালবোঝাই ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে একটি চাকা ভেঙে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে খাদের পানিতে উল্টে হেলপার মোজাহিদ চাপা পড়ে। পরে চালকসহ স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ট্রাক খাদে পড়ে ট্রাকের চাপায় হেলপার নিহত হয়েছেন। মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে রয়েছে।
মাসুম বিল্লাহ/আরএআর
