ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদি মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মো. সাকিব (২৩)। তিনি জেলার নগরকান্দা পৌরসভার জগদিয়া এলাকার বাসিন্দা মো. এনায়েত হোসেনের ছেলে। অপর নিহত পথচারী হৃদয় শেখ (২২) ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার ইলিয়াস শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গার আতাদি মহল্লার সার্ভিস রোড পার হয়ে এক্সপ্রেসওয়েতে উঠে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ভাঙ্গার হৃদয় শেখকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক সাকিব রাস্তার ওপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়েশা আক্তার তুর্পা বলেন, দুর্ঘটনায় আহত ওই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও একজন পথচারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জহির হোসেন/এএমকে
