জরুরি রক্ষণাবেক্ষণ এবং নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশকিছু এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর আওতায় বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
এই সময়ে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- বনপাড়া ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া (আংশিক), কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা ও বড়বড়িয়া এলাকা।
তবে, পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এই পদক্ষেপের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আশিকুর রহমান/এসএইচএ
